প্রধানমন্ত্রীর খুলনা সফর
খুলনা অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:২৩ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে ১৮ দফা দাবি তুলে ধরেন উন্নয়ন কমিটির নেতারা। প্রবা ফটো
খুলনায় ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনাঞ্চলের উন্নয়নে ১৮ দফা প্রত্যাশা তুলে ধরে বাস্তবায়নের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শনিবার (১১ নভেম্বর) সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন উন্নয়ন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ-জামান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ১৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছেÑ খুলনা বিমানবন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার, খুলনা-মোংলা-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রূপসা-তেরখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সঙ্গে সংযোগের জন্য টানেল নির্মাণসহ পাইপলাইনে খুলনায় গ্যাস সরবরাহসহ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মতো বিষয়।
সংবাদ সম্মেলনে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোহাম্মদ আলী, সাবেক মহাসচিব শেখ মোশাররফ হোসেন, চৌধুরী রায়হান ফরিদ, মকবুল হোসেন মিন্টু, মফিদুল ইসলাম টুটুল, মিনা মিজানুর রহমান, শাহিন জামাল পন, মিনা আজিজুর রহমান, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে মোটর শোভাযাত্রা
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা করা হয়েছে। কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে বাগেরহাটের কচুয়ায় গতকাল সকালে এই রোড শো করেন নেতাকর্মীরা।
তালায় নেতাকর্মীদের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাতক্ষীরার তালায় সভা-সমাবেশ, মিছিলসহ গণসংযোগ করছে আওয়ামী লীগ। খুলনায় প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করার লক্ষ্যে এরই মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ২৪টি ইউনিয়নে প্রস্তুতি সভা করা হয়েছে।
তথ্য দিয়ে সহায়তা করেছেন বাগেরহাট ও তালা (সাতক্ষীরা) প্রতিবেদক।