বরিশাল সিটি মেয়রের অভিষেক
বরিশাল অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:০৫ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ২২:১২ পিএম
বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নিজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন খায়ের আব্দুল্লাহ। এ সময় ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরেন আবুল হাসানাত আব্দুল্লাহ। প্রবা ফটো
বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) মেয়র হিসেবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করবেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নিজের বড় ভাই এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন খায়ের আব্দুল্লাহ। এজন্য শনিবার (১১ নভেম্বর) আগৈলঝাড়ার সেরাল গ্রামে হাসানাত আব্দুল্লাহর বাড়িতে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন ছোট ভাই খায়ের আব্দুল্লাহ।
এ বিষয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) খায়রুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরাল বাসভবনে (হাসানাত আব্দুল্লাহর বাড়ি) এসেছিলেন। তাকে বুকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বড় ভাই হাসানাত আব্দুল্লাহ। এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহর মেজো ছেলে মঈন আব্দুল্লাহ, ছোট ছেলে আশিক আব্দুল্লাহ ও খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর সেরনিয়াবাত প্রত্যুষ উপস্থিত ছিলেন।’
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য তার বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। আমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে তিনি চলে এসেছেন।’
বিষয়টি জানিয়ে হাসানাত আব্দুল্লাহর ছোট ছেলে আশিক আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে উল্লেখ করেছেন, ‘আমাদের সেরালস্থ বাসভবনে বরিশাল সিটি করপোরেশন মেয়র পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে আসেন আমার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ও চাচাতো ভাই প্রত্যুষ।’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব শেষ হওয়ার পাঁচ দিন আগে অব্যাহতি নেন আব্দুল্লাহ আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত বৃহস্পতিবার তিনি অব্যাহতি নেওয়ায় আগামী বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মেয়রের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সাদিক আব্দুল্লাহর চাচা ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।