রাজশাহী অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৬:৪২ পিএম
ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মানববন্ধন। প্রবা ফটো
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য আমেরিকার ঘাড়ে ভর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, যারা এতদিন ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না করেছে, তারা এখন চুপ হয়ে আছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী নির্মম হামলা করছে। হাজার-হাজার নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। এটি বিশ্বে অমানবিক ঘটনা।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনিতে নারী ও শিশু নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখা।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘নিরীহ ফিরিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করতে হবে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এর একমাত্র সমাধান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে।’
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সিরাজুর রহমান খান, জেলা সম্পাদক মন্ডলী সদস্য মতিউর রহমান তপন, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন,নাজমুল করিম অপু, যুব মৈত্রী মহানগর সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি,মহানগর কমিটির সদস্যের শীতানাথ বনিক, সাঈদ চৌধুরী,রমজান আলী সাধু, মহানগর যুব মৈত্রী সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক বিজয় সরকার,বোয়ালিয়া পশ্চিমের সাধারণ সম্পাদক শাহিন শেখ,শাহ মখদুম থানার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রেজা, বাংলাদেশ নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম।
মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা যুব মৈত্রী সভাপতি মনির উদ্দিন পান্ন।