চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম
চাঁদপুরে শুক্রবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো
শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুরালামের বিরোধীতা করে যারা আন্দোলন করছে, তারা কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত আন্দোলন করছে, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করে। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনঊ এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আন্দোলনকারীরা যে দাবিগুলো তুলেছে, তা যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।’
নতুন বছরে পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী, নতুন বছরে সময় মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।