গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন নতুন মজুরি সরকার ঘোষণা করলেও আন্দোলন থামেনি পোশাক শ্রমিকদের। সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তা ২৩ হাজার করার দাবির আন্দোলনে আজও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে বেশকিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ২৩ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু মঙ্গলবার মালিকপক্ষের প্রস্তাবিত ১২ হাজার ৫০০ টাকাই ন্যূনতম মজুরি নির্ধারণের ঘোষণা দেয় সরকার। নতুন এ মজুরি প্রত্যাখ্যান করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এ নিয়ে আন্দোলনরত শ্রমিকদের একটি জোট।
সম্প্রতি ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে ঢাকার মিরপুর ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সবশেষ বুধবার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী শ্রমিক মারা গেছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন। পরে শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। তবে কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা মহাসড়কে টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে দেন।
এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ছাড়া কোনাবাড়ীসহ একাধিক জায়াগায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
এদিকে পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের কোনাবাড়ী, জরুন, চান্দনা ও ভোগরা এলাকায় প্রায় অর্ধশত কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যসব এলাকায় কারখানা স্বাভাবিকভাবে চলছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ‘সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে নাওজোর এলাকাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করে এবং সড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এর আগে সকালে বাসন থানাধীন জয়দেবপুর-শীববাড়ী রোডেও শ্রমিকরা বিক্ষোভ করেন।’

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশেই পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। গতকাল গার্মেন্ট শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার পর ইউনিয়ন নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন। এর পরই বিজিবি মোতায়েন করা হয়েছে।