মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৩:৪৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির জেরে রেজাউল করিম নাঈম নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভেযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে। নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে।
ওসি বলেন, ‘নিহতের পরিবারের অভিযেগের ভিত্তিতে সোহান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আর এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
নিহতের মামা শাহরুখ মিয়া বলেন, মঙ্গলবার বিকালে নাঈমের ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে প্রতিবেশী রনি নামের এক তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাঈমের বাড়ি এসে বাবা-মায়ের সামনেই তাকে কুপিয়ে পালিয়ে যায়। এরপর নাঈমকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।