× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী অবরোধবিরোধী অবস্থানে সরব আ.লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২২:৩০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২৩:০৮ পিএম

দিনাজপুরের হিলি বাজারে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ। প্রবা ফটো

দিনাজপুরের হিলি বাজারে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ। প্রবা ফটো

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অবরোধের প্রতিবাদে রাজধানীসহ দেশব্যাপী মিছিল, শোডাউন আর সমাবেশের মাধ্যমে সরব ছিল আওয়ামী লীগ। সোমবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান, অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ, শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। 

সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন অবস্থান নেয়। মিছিল-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের কোথাও অবরোধ পালন হচ্ছে না। স্কুল-কলেজ খোলা। সড়ক, রেল, নৌপথ ও আকাশপথে মানুষ চলাচল করছে। আসলে বিএনপি ফাঁকা আওয়াজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। 

পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ অবরোধবিরোধী মিছিল করে। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেষ হয়।

সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, ধানমন্ডি ২৭, আসাদ গেট, শ্যামলী, আগারগাঁও, শ্যামলী ক্লাবে অবস্থান নেয়। ঢাকা উদ্যানে সংক্ষিপ্ত শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান বলেন, ‘যারা অবৈধ অবরোধ দিয়েছে তারা নিজেরাই এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। রাজপথ ছেড়ে অলিগলিতে তারা ভিড় জমাচ্ছে। তাদের রাজপথে দেখা যাচ্ছে না।’ এ ছাড়া মিরপুর, দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগর, উত্তরার আমিন কমপ্লেক্স, আব্দুল্লাহপুর, বাড্ডা, গুলশান, বনানী ও তেজগাঁওসহ বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। 

মিরপুর ১ গোলচত্বরে মিরপুর থানা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ ছাড়া মোটরসাইকেল শোডাউন করে তারা অগ্নিসন্ত্রাস ঠেকাতে কাজ করছেন বলে জানান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ।

পাইকপাড়া সরকারি কোয়ার্টারের সামনে ঢাকা মহানগর উত্তরের ১২নং ওয়ার্ডের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। ব্যতিক্রমী কার্যক্রমের মধ্যে দেখা গেছে, একটি বাউল দল সেখানে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে গান করছে। সেখানে অবস্থানরত নেতাকর্মীরা বলেন, বিএনপি যদি অবরোধ বাড়ায় তাহলে তারা সার্বক্ষণিক রাজপথে থাকবেন।

দিনাজপুর : দিনাজপুরের হিলি বাজারে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদ করেছে। খানসামা বাজারে উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

কুড়িগ্রাম : সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে মিলিত হয়। সমাবেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে উপজেলার ঝিটকা বাজারে শান্তি সমাবেশ ও প্রতিবাদ সভা হয়। এর আগে অবরোধের বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন স্থান পদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের সামনে প্রতিবাদ সভা করেন মিছিলকারীরা।

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগ অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির অবরোধের প্রতিবাদ করে। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহসভাপতি আ. সালাম মিয়া।

ফরিদপুরের সালথা ও নগরকান্দায় অবরোধের প্রতিবাদে মহাসড়কে অবস্থান নেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে সালথা ও নগরকান্দায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল ও মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

নওগাঁ : নওগাঁয় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে সদর উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জালাল হোসেন শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সরকারের অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম মানুষের মধ্যে তুলে ধরার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল। সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। 

কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। উত্তরবঙ্গের মহাসড়কে আগুনসন্ত্রাসীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। 

কুষ্টিয়া : জেলার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, বিএনপিকে প্রতিহত না করতে পারেল হাতে চুড়ি পরে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী-সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।

কিশোরগঞ্জ : জেলার ভৈরব উপজেলা শহরের দুর্জয় পাদদেশে সকাল থেকে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাঠে বিএনপি নেতাকর্মীরা না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেলফি তুলে ও ফটোসেশন করে সময় কাটান। পরে তারা দলীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেন এবং মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দুর্জয় পাদদেশে ফিরে কর্মসূচি শেষ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা