কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২১:৩০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২২:০১ পিএম
কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।
সোমবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালক আমিরুল ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।
ওসি জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে চালক আমিরুল ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে কারের সামনের অংশ ও ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক আমিরুল নিহত হন ও ভ্যানের তিন যাত্রী মারাত্মক আহত হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হবে না কি পরিবারের কাছে হস্তান্তর করা হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।