ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২০:১১ পিএম
সাময়িক বরখাস্ত ও টানা তিন দিনের কর্মবিরতিতে থাকা ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তা বাহিনীর ফাইল ইনচার্জ আব্দুল হান্নান।
তিনি জানান, রেলস্টেশনে বোমার খবর দেওয়ায় দায়িত্ব পালনে অবহেলার কারণ দেখিয়ে আমিসহ নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত (কর্মবিরতি) করা হয়। এ ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর পুনরায় আমাদের কর্মবিরতি বাতিল করে কর্তৃপক্ষ।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ’বৃহস্পতিবার (২ নভেম্বর) রেলস্টেশনে বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়ায় পাকশি বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোর্শেদ আলমের নির্দেশে তাদের সাময়িক কর্মবিরতি দেওয়া হয়। তাদের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখার জন্য কর্মবিরতি দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাদের পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়।’
পাকশি বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোর্শেদ আলম বলেন, ’সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তা বাহিনীর তিন সদস্যের তদন্ত প্রতিবেদন দেখে মনে হয়নি যে তাদের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ঈশ্বরদী জংশন স্টেশনের ২নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির নিচে দুর্বৃত্তের রেখে যাওয়া বোমাসদৃশ বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিট। সে ঘটনাকে কেন্দ্র করেই মূলত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুনরায় তাদের চাকরিতে বহাল করা হয়।