ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৭:০০ পিএম
শান্তি সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল করছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রবা ফটো
সারাদেশে বিএনপি ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের শেষ দিনে কিশোরগঞ্জের ভৈরবে কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। তবে ভৈরব উপজেলা শহরের দুর্জয় পাদদেশে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে ভৈরব আওয়ামী লীগ।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শান্তি সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।
শান্তি সমাবেশ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে ‘হৈ হৈ রৈ রৈ বিএনপি গেল কই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ স্লোগান দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করে নেতাকর্মীরা।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌরসভার মেয়র মো. ইফতেখার হোসেন বেনু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, চোরাগুপ্তাভাবে ৩০ অক্টোবর ভৈরবে বিএনপি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করেছিল। তাদের প্রতিহত করে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা ভৈরব ছেড়ে পালিয়েছেন। তারা ভৈরবের মাটিতে পা রাখতে পারেনি। আগামী দিনেও বিএনপির দেওয়া অবৈধ কর্মসূচীর বিরুদ্ধে মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতারা সোচ্চার রয়েছে। যেখানে অন্যায় সেখানেই প্রতিহত করা হবে। ভৈরব উপজেলা ও শহরের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকার আহ্বান জানাই।