কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম
কাপ্তাইয়ের রাইখালীতে গত ১২ অক্টোবর মারা যাওয়া এশিয়ান নারী হাতি। প্রবা ফটো
রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালীতে মারা যাওয়া সেই হাতির কার্ডিয়াক অ্যারেস্টের মৃত্যু হয়েছে। হাতিটির ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠেছে এসেছে। সোমবার (৬ নভেম্বর) কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ অক্টোবর সকালে হাতির মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। প্রাথমিকভাবে আমরা যখন হাতির গায়ে কোনো ধরণের আঘাতের চিহ্ন দেখতে পাইনি। তখন রাঙ্গুনিয়া ও কাপ্তাই ইকো-পার্কের ভেটেরিনারি সার্জনরা মিলে সার্বিকভাবে দেখলাম মৃত্যুর কারণ স্ট্রোক হতে পারে। হাতির বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্ত শেষে দেখা গেছে হাতিটির মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টে হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণত একটি হাতির ওজন হয়ে থাকে প্রায় ৪ টনের মত। এরা প্রতিদিন যে খাদ্য খায়, পার্বত্য চট্টগ্রামের বনে এখন এত খাদ্য পায় না হাতি। বনে খাদ্য ঘাটতির প্রভাব আর গরমের তীব্রতা সহ্য করতে না পেরে হাতিটির স্ট্রোক হতে পারে।
গত ১২ অক্টোবর সকালে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মতিপাড়া কাঁঠালতলী এলাকায় একটি হাতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাতির মৃত্যুর ঘটনায় থানায় জিডি ও ময়নাতদন্ত সম্পন্ন শেষে মাটি চাপা দিয়েছিল বন বিভাগ। মৃত এশিয়ান এ নারী হাতিটির আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছেন বন ও প্রাণিসম্পদ কর্মকর্তারা।