জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:০৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসি ও গেল ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। প্রবা ফটো
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসি ও গত ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
শনিবার (৪ নভেম্বর) সকালে প্রেসক্লাব চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক নেতা সাজ্জাদ আনসারী, বজলুর রহমান, নুরুল হক জঙ্গী ও মোস্তফা মনজু প্রমুখ।
গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতপরিচয় আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
গেল ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। এর আগে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।