× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্বোধনের চার বছর পরও তালাবদ্ধ ছাত্রীনিবাস

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১১:২৭ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১১:৩৮ এএম

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কর্ণফুলী সরকারি কলেজের ছাত্রীনিবাস। প্রবা ফটো

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কর্ণফুলী সরকারি কলেজের ছাত্রীনিবাস। প্রবা ফটো

উদ্বোধনের চার বছর পরও তালাবদ্ধ রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের ছাত্রীনিবাস। এতে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা ছাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের ভাড়াবাড়িতে বা মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে। এদিকে দিনের পর দিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এক তলা ভবনের ছাত্রীনিবাস নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ২০১৯ সালের ২৪ মার্চ তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা ছাত্রীনিবাসটির উদ্বোধনও করেন। এখানে ১২ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে। ভবনটিতে পানি ও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উদ্বোধনের পর থেকেই ছাত্রীদের নামে এটি বরাদ্দ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে অব্যবহৃতই রয়ে গেছে ভবনটি। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ভবনের মূল ফটকে ঝুলছে তালা। দীর্ঘদিন না খোলায় কলাপসিবল ও তালায় মরিচা পড়েছে। অযত্ন অবহেলায় পরিত্যক্ত অবস্থায় আছে ভবনটি। চারদিকে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ। দিনের পর দিন এভাবে পড়ে থাকলে ব্যবহারের আগেই পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, কলেজে অধিকাংশ গরিব পরিবারের সন্তান লেখাপড়া করে। বিশেষ করে কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থী রয়েছে। তাদের নিয়মিত যাতায়াত করা সম্ভব হয় না। তাই অনেকে কলেজ এলাকার আশপাশে বাসা ভাড়া নিয়ে বা মেসে থাকছে। এতে বাসাভাড়া ও দৈনিক খাবার খরচেই অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে তাদের। অনেক অসচ্ছল পরিবারের ছাত্রী এ ব্যয় বহন করতে পারছে না। তাই অনেককে শিক্ষাজীবনের ইতি টানতে হচ্ছে। ছাত্রীনিবাসটি খুলে দিলে অনেকের সমস্যার সমাধান হতো। 

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী বলেন, ‘সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাজনিত কারণে ছাত্রীনিবাসটি চালু করা হয়নি। ছাত্রীনিবাসটির সীমানাপ্রাচীর, নিরাপত্তা প্রহরী ও হোস্টেল সুপার নিয়োগের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এসব সমস্যার সমাধান হলে ছাত্রীনিবাসটি চালু করা হবে।’

কর্ণফুলী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে প্রায় ২ হাজার ১৬৬ শিক্ষার্থী রয়েছে। কাপ্তাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা