বগুড়া অফিস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১১:০৯ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১১:৩৪ এএম
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বগুড়া জামায়াত-শিবিরের কর্মীরা। প্রবা ফটো
বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টায় সাবগ্রাম-কুরশা এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল বের করে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে জামায়াত একটি মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে জামায়াত ও শিবির কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, টানা তিন দিন সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে দেশের মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হবে।