পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২২:২০ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আইনুল হক নামে বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের মেইন পিলার ৪৪৮ সংলগ্ন মহানন্দা নদীর ভারতীয় অংশের ফকিরগছ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে বিজিবি।
এদিকে এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও বিএসএফ এখনও সাড়া দেয়নি বলে জানিয়েছে বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৩২ বছর বয়সি আইনুল হক উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে।
বিজিবি ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে আইনুল হকসহ স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ী বাংলাদেশ-ভারত সীমান্তের গোয়ালগছ-ফকিরগছ এলাকা দিয়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৭৬ ব্যাটালিয়নের ফাঁসিদেওয়া ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আইনুলের মৃত্যু হয়।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে খবর আসে বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তে ভারতীয় অংশে এক বাংলাদেশির মরদেহ পড়ে আছে। পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হই মরদেহটি বাংলাদেশি নাগরিকের। আমরা ধারণা করছি, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তবে এখনও তাদের পক্ষ থেকে সাড়া মেলেনি। পতাকা বৈঠক হলে অবশ্যই আমরা এ ঘটনার কারণ জানতে চেয়ে তীব্র প্রতিবাদ জানাব।