নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১১:১১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১১:৫৩ এএম
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনেও নোয়াখালীতে রেললাইনে আগুন দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের মাইজদী রেলস্টেশনের উত্তর পাশের অংশে আগুন দেন অবরোধকারীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নানা স্লোগান দেন।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজগর উদ্দিন দুখু বলেন, ‘মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমাদের এক দফা দাবি থেকে সরানো যাবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এ সরকারের পদত্যাগ ঘটিয়েই ছাড়ব। গত দিনের মতো আজও গাড়ির চাকা ঘুরবে না এবং দোকানপাট খুলবে না। আমাদের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ সফল হবে।’
রেললাইনে আগুন দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘মাইজদী রেলস্টেশনের উত্তর পাশে পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের আমেরিকান মোড়ের ১৭২/৫ স্লিপারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আনসার সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। সেখানে যেন আগুন না বাড়তে পারে সেজন্য কচুরিপানাও দেওয়া হয়।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, ‘আমাদের কাছে রেললাইনে অগ্নিসংযোগের কোনো তথ্য নেই। কেউ আমাদের বলেনি। তবে শুনেছি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভেছে।’
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ‘রেলওয়ের সদস্যরা যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হবে।’
নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক কর্মসূচি অবরোধ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। পুলিশ আমাদের সহযোগিতা করুক এটাই আমরা চাই।’
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। অবরোধের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’