নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম
রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীতে রেল লাইনে আগুন দেওয়ার কথা জানিয়েছে ছাত্রদল। তবে ফায়ার সার্ভিস বলছে, এ ধরনের তথ্য তাদের কাছে নেই।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের মাইজদী কোর্ট স্টেশনে ওই আগুন দেওয়া হয় বলে জানান নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান।
তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ ও সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও নির্যাতন নেমে এসেছে। ’
প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী নামে একজন বলেন, ‘বিএনপির লোকজন রেল লাইনে জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারা এসময় বিভিন্ন স্লোগানও দেয়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য জানা নেই। কেউ আমাদেরকে বলেনি রেল লাইনে অগ্নিসংযোগের কথা।’