সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৪:৩২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৫:১৫ পিএম
সাভারের আশুলিয়ায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবা ফটো
সাভারের আশুলিয়ায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল, টিয়ারশেল ও পুলিশের গুলিতে শ্রমিক-পুলিশসহ আহত হয়েছে অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেশ কিছু কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, শিমুলতলা, ছয়তলাসহ বেশ কয়েকটি স্থানে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। তবে আহত বাকিদের তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সকালে আমরা মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় আসতে না আসতেই পুলিশ গুলি করতে শুরু করে। আমাদের অনেক শ্রমিক গুলিবিদ্ধ ও আহত হয়েছে। গুলিবিদ্ধ অনেককেই ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ আমাদের ওপর কেন গুলি চালাবে? আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পুলিশকে এই অধিকার কে দিছে? আমরা সরকারের কাছে এর বিচার চাই।
নারী ও শিশু হাসপাতালের ইমারজেন্সি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য জানান, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ২০ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ৪-৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তাদের মধ্য নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলিবিদ্ধ ছিল। তাকেসহ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কিছু কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।’