মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১০:৩৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১০:৫১ এএম
প্রতীকী ছবি
মেহেরপুরে নিখোঁজের চার দিন পর মুজিবনগর উপজেলায় মো. বিজন নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানের গর্তের পাশে বস্তাবন্দি অবস্থায় রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৬ বছর বয়সি মো. বিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
ওসি জানান, ২৬ অক্টোবর বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধান চেয়ে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রবিবার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের ভাদু মল্লিক তার বাঁশবাগানের পাশে ঘাস কাটতে যান। এ সময় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কাছে গিয়ে বস্তাবন্দি অবস্থায় গর্তের পাশে কিছু একটা দেখেন। বিকালে গ্রামের একটি চায়ের দোকানে বিষয়টি জানান তিনি। সন্ধ্যার দিকে তারা মুজিবনগর থানা পুলিশে খবর দেন। রাতেই ঘটনাস্থলে আসে মুজিবনগর থানা ও ডিবি পুলিশের একটি দল। রাত ১২টার দিকে বস্তা থেকে মরদেহ বের করা হয়। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন মরদেহটি বিজনের।
ওসি আরও জানান, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তদন্তের কারণে এখনই তা জানানো সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। তবে হত্যার সঠিক কারণ জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।