চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২২:৫২ পিএম
সড়কে হকারের উৎপাত ঠেকাতে হলিডে মার্কেট চালু করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রবিবার (২৯ অক্টোবর) চসিকের ষষ্ঠ পরিষদের ৩৩তম সাধারণ সভায় নগরীতে ব্যাটারি রিকশা ও অবৈধ হকারদের দৌরাত্ম্য নিয়ে আলোচনা হয়। পরে হলিডে মার্কেট করার পক্ষে মত দেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
সভায় অনেক কাউন্সিলরও নগরীতে ব্যাটারি রিকশা ও অবৈধ হকারদের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত সভায় চসিক মেয়র বলেন, ‘হকার সব সময় ছিল। কিন্তু এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেন ফুটপাথগুলো টাইলস করে দেওয়াই হয়েছে তাদের ব্যবসা করার জন্য। আর রাস্তায় ভ্যানগাড়ির কারণে প্রচণ্ড যানজট হচ্ছে। অনেক স্থানে হকারদের জন্য শিক্ষার্থীরা স্কুলেও ঢুকতে পারে না। অনেকে হকার পুনর্বাসনের কথা বলেন। আগে হকার পুনর্বাসন কোনো সুফল বয়ে আনেনি। এর আগে হকারদের জহুর হকার মার্কেটে পুনর্বাসন করা হয়। কিন্তু দোকান বরাদ্দ পেয়েই অনেকে দোকান বিক্রি করে আবারও ফুটপাথ দখল করে ব্যবসা শুরু করেন। এ কারণে শুক্র ও শনিবার আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার উপযুক্ত স্থানে আমি হলিডে মার্কেট চালু করার পক্ষে।’
পে-পার্কিং বিষয়ে মেয়র বলেন, ‘অভিযোগ পেয়েছি বেশকিছু বড় মার্কেট কাস্টমারদের পার্কিং ব্যবহার করতে না দেওয়ায় গাড়ি রাস্তায় পার্কিং করায় প্রচণ্ড জ্যাম হচ্ছে। ট্রাফিক বিভাগ ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলব এসব মার্কেটের কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে। ইতোমধ্যে ডিসি ট্রাফিক আমার সঙ্গে দেখা করেছেন। আমরা ঠিক করেছি চসিক ও ট্রাফিক বিভাগ একসঙ্গে পে-পার্কিং বাস্তবায়নে কাজ করবে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাবে।’
অবৈধ ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে মেয়র রেজাউল করিম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর ব্রেক অত শক্তিশালী না। আবার ছোট বাচ্চারাও চালায় অনেক সময়। সঙ্গে বিদ্যুৎ চুরি ও অপচয়ের বিষয়টি তো আছেই। এজন্য সোলার রিকশা চালু করতে হবে। আমাদের অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স দেওয়ার কার্যক্রম চলছে। এটি শেষ হলে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আইনি কোনো বাধা আছে কি না, তা আমরা পর্যালোচনা করে অন্যান্য সংস্থার সঙ্গে মিলে যৌথভাবে পদক্ষেপ নেব। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যে ব্যাটারিচালিত রিকশাগুলো আছে সেগুলোকে সোলারচালিত হিসেবে রূপান্তর করে নিতে হবে। তবে সোলার রিকশা চালু করলেও অল্প কিছু এলাকা ছাড়া মূল সড়কে এই রিকশাকে উঠতে দেওয়া যাবে না।’
সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম প্রসঙ্গে চসিক মেয়র বলেন, মশা নিধনের পর্যাপ্ত মেডিসিন ক্রয় করা হয়েছে, বাড়ানো হচ্ছে জনবল। শুষ্ক মৌসুমে ছয় মাস কাজ করলে আগামী বছর ভালো ফল পাওয়া যাবে।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী, দরপত্র কমিটির কার্যবিবরণী এবং স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী অনুমোদিত হয়। ঢাকায় সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজসহ পুলিশের অন্য আহত সদস্যদের জন্য দোয়া করা হয় এবং পুলিশের ওপর হামলার জন্য নিন্দা জানানো হয়। স্ট্যান্ডিং কমিটির সভাপতিরা তাদের নিজ নিজ স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী পেশ করেন। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।