সাভার প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১০:০৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১১:১৪ এএম
গাড়ির জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। প্রবা ফটো
ঢাকায় রাজনৈতিক দুই দলের সমাবেশ ঘিরে সাভারে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষার পর হেঁটে, রিকশা কিংবা লেগুনায় বাড়তি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আরিচা বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস পাচ্ছেন না পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ।
এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, নবীনগর, জিরানী, জিরাবো, সাভার, হেমায়েতপুর বাসস্ট্যান্ডগুলোয়ও এমন চিত্র দেখা গেছে। মহাসড়কে তল্লাশির ভোগান্তি ও বাসের নিরাপত্তায় বাস বন্ধ রাখা হয়েছে বলে জানান মালিকরা।
শাকিল আহমেদ নামে এক পোশাক শ্রমিক বলেন, আমাদের কারখানার বাস নেই। তাই লোকাল বাসে যাতায়াত করতে হয়। সকাল থেকে কোনো বাস না পাওয়ায় হেঁটে যেতে হচ্ছে।
রেহনোমা নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে বাস পাচ্ছি না। যেগুলো আসছে সেখানে গাদাগাদি হয়ে আছে। বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় রিকশায় যেতে হচ্ছে।
নিহাতউদ্দিন নামে এক বাস মালিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজকে পরিস্থিতি ভালো হলে বাস চালাব। ঝুঁকি নিয়ে বাস চালাতে চাচ্ছি না।
ডি লিংক পরিবহনের লাইনম্যান জুয়েল রানা বলেন, সকালে কয়েকটি গাড়ি ছাড়া হয়েছিল। তবে গাড়িগুলো হেমায়েতপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে। আশা করছি বিকাল থেকে আবার গাড়ি চলবে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী বলেন, দুই দলের সমাবেশে সারা দেশ থেকে কর্মীরা আসছেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মামলার আসামি। কর্মীদের অনেকের গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক মামলার আসামি রয়েছেন। এ ছাড়া এ চেকপোস্ট থেকে ১০ মামলার আসামিকেও আটক করা হয়েছে। এ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করা হয়েছে।