গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৫:০০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৫:৪৬ পিএম
আন্দোলনরত শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ছে গাড়ি। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ছাড়া মহাসড়কে বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মঈনুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছে। তারা বিক্ষুব্ধ হয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
এএসপি মো. মঈনুল হক বলেন, বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর, পল্লী বিদ্যুৎ এলাকার গার্মেন্টস্ শ্রমিকরা আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনা করে আশপাশের অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করছেন। শ্রমিকরা মৌচাক এলাকা থেকে বিক্ষোভ করতে করতে চন্দ্রা দিকে যায়। এ সময় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থাকা একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়াও শ্রমিকরা আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তারা যেসব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেনি, সেসব কারখানা বন্ধ করার জন্য আন্দোলন ও মিছিল করছে।
শ্রমিকরা জানান, আমাদের বেতন সর্বনিম্ন ২৩ হাজার টাকা করতে হবে। আমাদের দাবির জন্য আন্দোলন করে মার খাচ্ছি। অথচ অন্য কারখানায় শ্রমিকেরা কাজ করবে এটা হতে পারে না। এজন্য সবাইকে নামানোর চেষ্টা করছি আন্দোলনে। আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, একটি জিপ গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দিয়েছে। শ্রমিকরা সকাল থেকে তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। এতে যান চলাচলে ধীরগতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা, মহানগর ও শিল্পপুলিশ কাজ করে যাচ্ছে।
গত সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, তেলিরচালা, কোনাবাড়ী এলাকার বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।