নড়াইল সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১২:২৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২২ ১৪:১৮ পিএম
নড়াইলে সুলতান উৎসব উদ্বোধন। ছবি : প্রবা
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’-এর উদ্বোধন করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতান মঞ্চে এ উৎসবের শুরু হয়। উৎসবকে ঘিরে শিশুদের চিত্রাঙ্কন, আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের মতো এবারও নড়াইলে শুরু হয়েছে সুলতান উৎসব। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’-এর আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে সুলতান মঞ্চে প্রতিদিন চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে প্রাণবন্ত করতে দূর-দূরান্ত থেকে এসেছে দোকানিরা, বসেছে গ্রামীণ মেলা।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানান এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।
প্রবা/রাই/এমজে