বরিশাল অফিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১২:৫৪ পিএম
ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় প্রায় ২২ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। চলছে স্পিডবোট, মালবাহী নৌযানও।
নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কমে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হামুনের প্রভাবে মঙ্গলবার দিনভর আকাশ মেঘলা ছিল। কিন্তু বুধবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন। কক্সবাজার এলাকায় তাণ্ডব চালিয়ে মধ্যরাতে স্থল নিম্নচাপে পরিণত হয় এটি। হামুনের তাণ্ডবে দেয়াল চাপায় ও গাছ উপড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।