কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৬:৪১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ২২:০৩ পিএম
ঘূর্ণিঝড় হামুনের কারণে কুয়াকাটা ছাড়ছে পর্যটকরা। প্রবা ফটো
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাব ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে সোমবার রাত থেকেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। উপকূলীয় সব সমুদ্র বন্দরকে সাত নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এমতাবস্থায় পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। এরই মধ্যে নিরাপদে কুয়াকাটা ছাড়তে শুরু করেছে পর্যটকরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সরেজমিনে কুয়াকাটা সমুদ্রসৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করেছে। সোমবার থেকে আজ দুপুর পর্যন্ত অর্ধেক পর্যটক কুয়াকাটা ছেড়েছেন। বাকিরা বুধবার চলে যাবে বলে ধারণা করছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ।
কুয়াকাটার আবাসিক হোটেল সি গোল্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুসুল্লি বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পর্যটকরা কুয়াকাটা ছাড়তে শুরু করছেন। আবহাওয়া এমন থাকলে এ সপ্তাহে পর্যটকদের আনাগোনা বাড়বে না।’
পর্যটক রিসাল উদ্দিন বলেন, ‘কুয়াকাটায় দুইদিন থাকব বলে পরিকল্পনা ছিল। পরে তা পরিবর্তন করে একদিন থেকেই চলে যাচ্ছি শুধুমাত্র আবহাওয়া ভালো না থাকার কারণে।
হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। তারা কোনভাবেই যেন সমস্যায় না পড়ে, সেভাবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে।’
উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ‘ঘূর্ণিঝড়টি আজ ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। তাই সব সমুদ্র বন্দরে সাত নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘আমরা সদা প্রস্তুত থাকি পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে। সোমবার থেকে আজ মঙ্গলবার এবং আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি। তাদের নিরাপদে থাকতে অনুরোধ করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা উপজেলা পরিষদে সভা করে সকল প্রস্তুতি নিয়েছি। সকল লোকজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।’