সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কৈয়ম চৌধুরীর মতবিনিময়
পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১২:৩৪ পিএম
এমপি প্রার্থী আব্দুল কৈয়ম চৌধুরী। প্রবা ফটো
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল কৈয়ম চৌধুরী।
তিনি বলেন, স্মার্ট নেতৃত্ব না হলে এলাকা ও আগামী প্রজম্মকে স্মার্ট করা সম্ভব হবে না।’
সোমবার (২৩ অক্টোবর) বিকালে (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য আব্দুল কৈয়ম চৌধুরী।
তিনি বলেন, ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইব। এর আগে গতবারও আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি।
সাংবাদিকেরা সবকিছু দেখে-শুনে বিচার বিবেচনা করেন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এলাকায় চক্ষু চিকিৎসাসহ ২০ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করার চেষ্টা করছি। করোনাকালে এলাকায় চন্দনাইশ সমিতির মাধ্যমে সেবা করেছি। যখনই সহযোগিতার জন্য কারও ফোন পেয়েছি, তখন আমার সাধ্যমত সহযোগিতা করেছি। আগামীতেও এভাবেই জনগণের পাশে থাকতে চাই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলেও আওয়ামী লীগের পক্ষে আছি আর মনোনয়ন না দিলেও থাকব। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবে তার পক্ষে থেকেও কাজ করব।’