স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ২২:৩৪ পিএম
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জালিস মাহামুদ নামে এক যুবককে ধরে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের সারেংকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ইদ্রিস গাজীর ছেলে।
অভিযুক্তরা হলো- গুয়ারেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজান গাজী ও তার সহযোগী ফুলরাজ গাজী, সাকিল হাওলাদার এবং রিয়াজ হোসেন রাজু। এ ঘটনায় রাতেই ওই যুবকের বাবা ইদ্রিস গাজী থানায় লিখিত অভিযোগ করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জালিস মাহামুদ ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। পথে সারেংকাঠির ফুলরাজের বাড়ির সামনে আসলে চেয়ারম্যান মিজান গাজীর নেতৃত্বে অভিযুক্তরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে একপর্যায়ে ফুলরাজের ঘরে নিয়ে আটকে হাত-পা বেঁধে নির্যাতন করে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে জালিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিজান গাজী বলেন, ‘পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রাতে বাড়ি ফিরছিলাম। জালিস এবং সোহেল নামে দুইজন লোকে আমাদের পথরোধ করে মারার চেষ্টা করে। এ সময় আমার কর্মীরা জালিসকে ধরে ফেলে এবং বাড়িতে নিয়ে আসে। পরে থানায় খবর দিয়ে পুলিশে দিয়ে দেই। তাকে কোন মারধর করা হয়নি।’
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’