সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৮:২৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৯:৩৪ পিএম
ফাইল ফটো
ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় এক ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দাম বৃদ্ধির অজুহাতে ৮৭ টাকার স্যালাইন ৫০০ টাকায় বিক্রি করায় সাহা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল।
এ সময় সাহা ফার্মেসি নামের ওষুধের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানে সংরক্ষিত স্যালাইন নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, সম্প্রতি একজন ভোক্তার মাধ্যমে জানতে পারি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এক অসাধু ব্যবসায়ী এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইঞ্জেক্টেবল অন্যান্য স্যালাইনের মূল্য মোড়কের মূল্যের চেয়ে বেশি নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সাহা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মোড়কের মূল্যের চেয়ে ৮৭ টাকা মূল্যের স্যালাইল ৫০০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার কাছে সংরক্ষিত স্যালাইন নির্ধারিত দামে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাহা ফার্মেসিকে মোড়কের মূল্যে রোগীদের কাছে স্যালাইন বিক্রির নির্দেশনা দেওয়া হয়।