রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৭:২২ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫০ পিএম
রামগঞ্জ থানা। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (২২ অক্টোবর) দুপুরে তামজিদ হোসেন রুবেল নামের ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে তামজিদকে রাজধানী ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন সাওন প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক নতুন দিন‘ পত্রিকায় রবিবার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের ‘ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ড. আনোয়ার হোসেন খান, বিদ্যোৎসাহী মো: বেল্লাল হোসেন‘ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ওই পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি তামজিদ হোসেন রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তামজিদ বলেন, ‘উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আজ ‘দৈনিক নতুন দিন’ পত্রিকায় ‘ একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে আজ সকাল সাড়ে ১০টায় শাহ্ আলমগীর শাওন তার ব্যক্তিগত ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন। আলমগীর শাওন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।’
অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর হোসেন সাওন। তিনি বলেন, ‘বিদ্যোৎসাহী সদস্য এখনও নির্বাচিত হয়নি। এখনও কোনো রেজুলেশন হয়নি। মানুষের মুখে শুনে নিউজ প্রকাশ করছে। এটি সত্য নয়, তাই আমি জিজ্ঞাসা করছি। প্রাণনাশের হুমকির কথাটি সম্পূর্ণ মিথ্যা।’
এদিকে বিষয়টি রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ প্রেস ক্লাবের সদস্যদের অবগত করেছেন তামজিদ।
প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক হোসেন বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের কাজ। সঠিক নিউজ প্রকাশ করায় সাংবাদিক তামজিদ হোসেন রুবেলকে যারা হুমকি দিয়েছে, তাদেরকে আইনের আওয়তা আনা প্রয়োজন।’
রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ‘সাংবাদিককে প্রাণনাশের হুমকির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’