চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ২০:২৭ পিএম
নগরীর চান্দগাঁও থানাধীন সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, আপনাদের আশঙ্কা করার কোনো কারণ নেই। বিভিন্ন সময়ে যেহেতু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
শনিবার (২১ অক্টোবর) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন সিএমপি কমিশনার। মণ্ডপ পরিদর্শনে এলে তাকে স্বাগত জানান সাধুরপাড়া পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস কুমার নাথ।
তিনি বলেন, মণ্ডপকেন্দ্রিক একটি করে ‘সম্প্রীতি কমিটি’ করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সমন্বিত প্রয়াসে এ উৎসব শেষ করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এম এ মাসুদ, পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মাহতাবউদ্দিন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান, উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, উপ-কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন।