× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসা তৈরির অবৈধ কারখানা হুমকিতে জনস্বাস্থ্য

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ০৯:৫১ এএম

ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পরিত্যক্ত ব্যাটারির বর্জ্য-প্লাস্টিক, কার্বন, ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ। প্রবা ফটো

ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পরিত্যক্ত ব্যাটারির বর্জ্য-প্লাস্টিক, কার্বন, ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ। প্রবা ফটো

হবিগঞ্জের মাধবপুরে একটি অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন-বাঘাসুরা রাস্তার পাশে জনবসতিপূর্ণ এলাকায় কারখানাটির অবস্থান। কারখানার ব্যাটারির অ্যাসিডের উৎকট গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ। এ ছাড়া কারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

চিকিৎসকরা বলছেন, এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ ইশতাক মামুন বলেন, ‘ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ধোঁয়া মানবদেহে প্রবেশ করলে মাথাব্যথা, শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যানসার, মস্তিষ্কের কোষ ক্ষতিসহ নানা সমস্যা হতে পারে। এমনকি মানসিক বিকৃতি ও রক্তশূন্যতাও হতে পারে। প্রভাব পড়তে পারে লিভার ও কিডনিতেও।’

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ছাতিয়াইন-বাঘাসুরা রাস্তার পাশে ছাবুচাইল ও পিয়াম গ্রামের মধ্যে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানাটি গড়ে উঠেছে। ১৫-২০ জন শ্রমিক ও কর্মচারী পুরোনো ব্যাটারি ভেঙে প্লেট আলাদা করছে। কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পরিত্যক্ত ব্যাটারির বর্জ্য-প্লাস্টিক, কার্বন ও ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ। শ্রমিকদের কাজের জন্য নেই কোনো নিরাপত্তা সরঞ্জামও। এ ছাড়া প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ট্রেড লাইসেন্স, কলকারখানা অধিদপ্তরের অনুমতি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির নিরাপদ চুল্লিও নেই। 

কারখানায় কাজ করা জমির আলী নামে এক শ্রমিক বলেন, ‘এখানে অধিকাংশ শ্রমিকের বাড়ি উত্তরবঙ্গে। দিনের বেলায় ব্যাটারি ভাঙা হয়, রাতে পুড়িয়ে সিসা তৈরি করা হয়। আর ব্যাটারি পোড়ানোর কোনো চুল্লি নেই, তাই উন্মুক্ত স্থানেই পোড়ানো হয়। কারখানার মালিকের নাম জাবেদ মিয়া।’ তিনি এর বেশি কিছু আর জানাতে পারেননি। বিস্তারিত জানতে মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

জাবেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানায় পুরোনো ব্যাটারি ভেঙে ভেতরের অংশগুলো আলাদা করে বিক্রি করি। এসব করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না।’

স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের বলেন, ‘কারখানার মালিক জাবেদ মিয়ার বাড়ি পাশের ছাতিয়াইন গ্রামে। ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছি এটা বন্ধ করার জন্য। কিন্তু তিনি বন্ধ করছেন না। প্রতিদিন রাত ১২টার দিকে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে। এ সময় এলাকাবাসীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে।’

পিয়াম গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিন বলেন, ‘প্রায় ছয় মাস ধরে রাতে ব্যাটারি পোড়াচ্ছে। সেসময় গন্ধে ঘরে থাকা যায় না। এ ছাড়া পোড়ানোর স্থানে কোনো ছাউনি না থাকায় বৃষ্টির পানির সঙ্গে বিষাক্ত বর্জ্য পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পাশেই ফসলি জমি রয়েছে। এতে জমি ও ফসলের ক্ষতি হচ্ছে।’ 

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত  মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। তবে ইউনিয়ন পরিষদের সচিব জগদীশ চন্দ্র দাশ জানান, এ কারখানায় কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করতাছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল বলেন, ‘দেশের সর্বত্রই এমন কারখানা রয়েছে। তারা বিদ্যমান পরিবেশ আইন মানছে না। জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও বাস্তুতন্ত্র তছনছ করে দিচ্ছে। এসব অবৈধ ব্যাটারি কারখানার মাধ্যমে মানুষসহ প্রাণীর শরীরে ঢুকছে সিসার বিষ, প্রতিবেশ ব্যবস্থায় ঘটছে গোলমাল। সব ব্যাটারি কারখানাই গড়ে উঠেছে বসতি এলাকায়। এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’ 

সিলেট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমরান আহমেদ বলেন, ‘অবৈধ কারখানার বিষয়ে অবগত নই। তবে এভাবে প্রকাশ্যে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করলে বায়ুদূষণ ও আশপাশে বসবাসরত প্রাণীর মারাত্মক ক্ষতি হয়। যত দ্রুত সম্ভব এই অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান বলেন, ‘বিষয়টি জানা নাই। খোঁজ নিয়ে অবৈধ কারখানা উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা