বরিশাল অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২৩:১৯ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র (রামদা) নিয়ে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের স্টিমারঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য ও চেয়ারম্যান।
দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু দেওয়ানের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ইউপি সদস্য বাচ্চু দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫ দিন পূর্বে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ সদস্য অনাস্থা দিয়েছেন। শনিবার তারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।’ এজন্য চেয়ারম্যান মোস্তফা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন।
বাচ্চুর অভিযোগ, শুক্রবার সকাল ৭টার দিকে স্টিমারঘাট বাজারের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় গালি দেয়। একপর্যায়ে রামদা নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তখন স্থানীয়রা এসে চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করে। ইউপি সদস্য আরও জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইউপি চেয়ারম্যান মোস্তফা পাল্টা অভিযোগ করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি সকালে বাজারে গেলে ইউপি সদস্য বাচ্চু, তার ছেলে আকবরসহ ১০-১২ জন তার ওপর হামলা করে। তারা মারধর করে হাত ভেঙে দিয়েছে। এ ছাড়াও তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসা রামদা নিজেকে রক্ষায় ছিনিয়ে নিয়েছেন তিনি। তখন ভিডিও করে ভাইরাল করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের। এ ঘটনায় রাতে মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।