ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২৩:১৪ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় উদ্বোধন করা হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব এক মসজিদ। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মসজিদটির নাম ‘চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ’। পরে প্রথমবারের মতো জুমার নামাজের মাধ্যমে মসজিদটির যাত্রা শুরু হয়।
দীর্ঘ পাঁচ বছর ধরে মসজিদটির নির্মাণকাজ চলে আসছে। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। মসজিদটি ভূগর্ভস্থ মেঝেসহ চারতলাবিশিষ্ট। ৫৩ হাজার ২০০ বর্গফুটের এই মসজিদটিতে একসঙ্গে সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আলাদা প্রবেশপথসহ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ৫০০ জন মহিলার নামাজ আদায়ের সুব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটির ছাদে বিশাল আকৃতির গ্লাসের গম্বুজ থাকায় দিনের বেলায় ভেতরে কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হবে না। এ ছাড়া মসজিদটিতে ইমাম ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থাসহ একসঙ্গে দুই শতাধিক লোকের অজু, গোসল এবং টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

চরফ্যাশন পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ভোলা জেলা পরিষদ ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি নির্মাণ শুরু হয়। মসজিদটির ডিজাইন করেছেন ভোলার সন্তান স্থপতি কামরুজ্জামান লিটন।
সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘আমার সকল উন্নয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নয়ন হলো এ কেন্দ্রীয় খাসমহল মসজিদ। আমার জীবনের স্বপ্ন ছিল একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি।’