বরিশাল অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২১:১০ পিএম
বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের ইউপি চেয়ারম্যান মৃধা মো. আক্তার উজ জামান। প্রবা ফটো
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের ইউপি চেয়ারম্যান মৃধা মো. আক্তার উজ জামানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালকের কাছে দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছেন ১২ ইউপি সদস্য। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপির সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য বিলকিস বেগম। অভিযোগের অনুলিপি বরিশাল জেলা প্রশাসক ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মৃধা মো. আক্তার উজ জামান মিলন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিলকিস বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের দুনীতির অভিযোগে ১২ সদস্যের সবাই স্বাক্ষর করেছেন। শুক্রবার বেলা ১২টার দিকে অভিযোগ স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈর কাছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান মৃধা মো. আক্তার উজ জামান মিলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুক্রবার বিকালে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয় নিয়ে ইউপির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, দুই সদস্য বিশেষ বরাদ্দ আনার কথা বলে স্বাক্ষর নিয়েছেন।
অভিযোগের বরাতে ইউপি সদস্য বিলকিস বেগম বলেন, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে সব সরকারি বরাদ্দ সদস্যদের সঙ্গে সমন্বয় না করে চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো বন্টণ করেছেন। ইউনিয়নে মাসিক কোন সভা না ডেকে সদস্যদের স্বাক্ষর জাল করে চেয়ারম্যান ও সচিব সব কাজ পরিচালনা করেন। এমনকি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় তারা সব সরকারি বরাদ্দ ভাগ বাটোয়ারা করেন।
চেয়ারম্যান সব ইউপি সদস্যকে পরিষদে যেতে নিষেধ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়া এবং বিভিন্নভাবে হয়রানি করা, বাহিরের আবেদন গ্রহণ না করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অভিযোগ পেয়েছি। স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।