চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১৮:৪৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৮:৫৩ পিএম
কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চসিক পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে মেয়রসহ অন্যরা। প্রবা ফটো
সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সাম্যের বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (২০ অক্টোবর) কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চসিক পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, এদেশের মুক্তিযুদ্ধে মুসলমানের ছেলে যেমন রক্ত দিয়েছে, তেমনি রক্ত দিয়েছে হিন্দুর ছেলেরা। সব ধর্ম, বর্ণের মানুষের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। এ কারণে সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়তে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা। বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে।
চসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, রুমকি সেনগুপ্ত, চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রীপন কিশোর রায়।
পূজায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ।