নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৬:৪০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৭:২৭ পিএম
বিএনপি-জামায়াত ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ করতে চাইবে। সেইদিন আওয়ামী লীগও ঢাকা দখলে রাখবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সার্কিট হাউসে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেছেন, কাঁচপুরে যে জনসভাটি হলো আমি সেখানে সোনারগাঁয়ের নেতাদের সঙ্গে কথা বলেছি। সেখানে আমি দেখেছি, আওয়ামী লীগ করে গত পনেরো বছরে অনেকেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন। আগে যে বাইসাইকেলে চড়ত সে এখন মোটরসাইকেল চালায়, যার মোটরসাইকেল ছিল সে প্রাইভেট কার চালায়। সবার বাড়িতেই বিল্ডিং।
তিনি বলেন, যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে আওয়ামী লীগ করে তাদের মনমানসিকতায়ও আমি পরিবর্তন দেখেছি। সমাবেশ সফল করতে অনেকেই বায়না ধরে। সেটা নেওয়ার জন্য না, দেওয়ার জন্য। যে সমাবেশের এই কাজটা আমি করে দিতে চাই। এটা বাংলাদেশের অন্য কোনো জেলায় দেখা যায় না। আপনারা নিজেদের উপার্জিত অর্থের একটি অংশ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবহার করবেন এটা আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ঢাকার সবচেয়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। আগামী ২৮ তারিখ আমাদের সমাবেশ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে। ফ্লাইওভার থেকে তিন মিনিটে যাওয়া যায়। শাপলা চত্বরও কাছাকাছি। নারায়ণগঞ্জ মহানগর ঢাকার সবচেয়ে কাছে। আমরা আশা করি নারায়ণগঞ্জ থেকে আমাদের সমাবেশে সবচেয়ে বড় সাপোর্ট যাবে।
মির্জা আজম বলেন, ওরা এখন দিন তারিখ ঠিক করে দিচ্ছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি তারা কী এখানে বসে থাকব। আমরা বলেছিলাম ৪ তারিখ সমাবেশ করব। সেটা হবে। কিন্তু তার আগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে তারা যে কর্মসূচি দিয়েছে ঢাকা অবরোধের সেদিন আমরাও ঢাকা দখলে রাখব।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সার্কিট হাউসে আমি ৪৭ মিনিটে এসেছি। আমার বাসা থেকে আজিমপুর যতক্ষণে যাই তার চেয়ে কম সময়ে আমি নারায়ণগঞ্জ এসেছি। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।
এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।