চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৩৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ২০:১১ পিএম
শেখ রাসেলের ৬০তম জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রবা ফটো
বিএনপি-জামায়াত আবার নির্বাচন বানচাল করার জন্য মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘একটি অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি-জামায়াত অপতৎপরতা শুরু করে দিয়েছে। তাদের মহাগুরু ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন। আমরা যারা প্রকৃতপক্ষেই ধর্মে বিশ্বাস করি, মানবতাকে ভালোবাসি, তাদেরকে মানবতাবিরোধী অপশক্তির ছায়া মুছে দিতে হবে।’
বুধবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সেই দিনের শিশু শেখ রাসেল সত্যিকার অর্থেই একজন প্রতিভাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হতে পারতেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করে অসভ্যতার এক নজির স্থাপন করেছে ঘাতকেরা।’
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে কনিষ্ঠ ছেলের নাম রেখেছিলেন শেখ রাসেল। সেই রাসেলকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার নাম করে যারা খুন করেছে, তারা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে। এই সভ্য দেশগুলোর অসভ্য হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ত রঞ্জিত। সেখানে অনেক রাসেল প্রতিদিন নিহত হচ্ছে। এই হত্যাকারীদের আশীর্বাদ নিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তারা আবারও অসংখ্য রাসেলকে খুন করবে। তাদের প্রতিরোধে আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে আছে। আমরা শান্তি চাই, কোনও সংঘাত চাই না। শান্তি বিনাশকারী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চাই। তাহলেই শেখ রাসেলের আত্মা শান্তি পাবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সুলতান নাছির উদ্দিন, আতিকুর রহমান, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাইফুল আলম বাবু, লুৎফুল হক খুশি প্রমুখ।