আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৩৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৫৬ পিএম
ঢাকার সাভারে এক ডিম ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে চাপাতি দিয়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাড়িবাড়ী আমতলা এলাকার জেআর এন্টারপ্রাইজ নামে একটি ডিমের আড়তে এ ঘটনা ঘটে।
এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও দুজন কর্মচারী উপস্থিত থাকলেও মুখোশ পরিহিত দুই ব্যক্তির হাতে থাকা অস্ত্রের মুখে কিছুই করার ছিল না তাদের। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিষ্ঠানের বাইরে থাকা অপর একটি সিসি ফুটেজে দেখা যায়, বাইরে একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে লুটপাট করে দুজন বের হয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়। তাদের একজন মাথায় হেলমেট ও অপরজন মুখে কাপড় বাঁধা ছিল। মোটরসাইকেলের সঙ্গে থাকা ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
ওই ব্যবসায়ীর নাম মো. নূরুল ইসলাম রবিউল। তিনি দীর্ঘদিন ধরে সাভারের রাড়িবাড়ী এলাকায় বসবাস করে ডিমের ব্যবসা করে আসছিলেন।
তিনি বলেন, ’ডিমের ব্যবসা যেহেতু প্রায় রাতই কাজ করতে হয়। রবিবার দিবাগত রাতেও কাজের হিসাব-নিকাশ করছিলাম। হঠাৎ করে দুজন এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানে থাকা প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি ও দুই কর্মচারী চুপচাপ দেখছিলাম। কিছুই করার ছিল না।’
তিনি আরও বলেন, ’পরে রাতে ঘটনাটি থানায় জানালে একটি টহল টিম আসে। তারা জানায়, সড়কের মাথায় দুটি চাপাতি পেয়েছে। একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। তাদের সন্দেহ হলে ধাওয়া দেয়। এ সময় তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ধারণা করি, এরাই তারা হবে। পরদিন থানায় গিয়ে জিডি করেছি।’
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ’ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’