ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৯:৪০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২১:৪০ পিএম
ঈশ্বরদীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা আদায়।
পাবনার ঈশ্বরদীতে নকল রং তৈরি ও বার্জার কোম্পানির মোড়ক ব্যবহার করে রং বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার স্টেশন রোডের নবী হার্ডওয়্যার স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় ঈশ্বরদী ব্যাটালিয়ন আনসার সদস্যরা তাকে সহযোগিতা করেন।
মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন ধরে নবী হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী মো. রকিবুল ইসলাম বার্জার ওয়েদারকোট, ইজি ক্লিন, এন্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্রি নামক বিভিন্ন নামি-দামি কোম্পানির নামে নকল রং তৈরি এবং বার্জার কোম্পানির মোড়ক ব্যবহার করে তা মজুদ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্টেশন রোডের নবী হার্ডওয়্যার স্টোরে অভিযান পরিচালনা করলে নকল রং তৈরি করার সব উপাদানই পাওয়া যায়। এমতাবস্থায় পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে নবী হার্ডওয়্যার স্টোরে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা ও জব্দ করা ১৬টি ড্রামের নকল রং ধ্বংস করে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।