ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২২:৩৬ পিএম
ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারও বিপন্ন প্রজাতির তিনটি মুখপোড়া হনুমানসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে হনুমানগুলো উদ্ধার করে ফেনী মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে তিনটি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করা হয়। এ সময় লাইসেন্স বা ফারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রি ও পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মো. সুজন উদ্দিন ও মো. শাকিল নামে দুইজনকে আটক করা হয়। সুজন সোনাগাজীর বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে ও শাকিল নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।
রবিবার (১৫ অক্টোবর) সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হনুমানগুলোকে হস্তান্তর করেন। সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, হনুমানগুলোকে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী জি এস ট্রাভেলসের একটি একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় লাইসেন্স বা ফারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান ও কচ্ছপ নিজ হেফাজতে রাখায় আহাদুজ্জামান রাজু (৪২) নামে একজনকে আটক করা হয়।