চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২০:০৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২০:৩৯ পিএম
চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো
এই সরকারের পতনের একমাত্র পথ গণ-আন্দোলন জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘এই সরকারের পতন না হলে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না, এই সরকারের পতন না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। এ সরকার পতন না হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না, এমনকি মানুষের ভোটের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।’
রবিবার (১৫ অক্টোবর) বিকালে নগরীর প্রবর্তক মোড়ে চট্টগ্রাম জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ’এই সরকার একটি ফ্যাসিবাদী সরকার। গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই সরকার পতন আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। গণ-আন্দোলনে এ সরকারের পতনের মাধ্যমে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে।’
তিনি বলেন, ’গণতন্ত্রকে মুক্ত করতে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথেই যেকোনো ত্যাগ স্বীকারে পেশাজীবী নেতাদের প্রস্তুতি নিতে হবে। তাই জাতির এই ক্রান্তিলগ্নে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো রাজপথে নামতে হবে।’
ড্যাবের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন ড্যাবের উপদেষ্টা ডা. আব্দুল মান্নান, ডা. আবুল কালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, আব্দুল মোত্তালিব।
এতে সঞ্চালনা করেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।