× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল সেন্টারে

নারী উদ্যোক্তাদের দেখা মেলে না

আমানত উল্যাহ, কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর)

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:৩৯ পিএম

নারী উদ্যোক্তাদের দেখা মেলে না

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার গ্রামীণ জনপদে তথ্যসেবা পৌঁছে দিতে গড়ে তোলা হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এসব সেন্টারে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা থাকার কথা থাকলেও মাঠপর্যায়ে কোনো নারী উদ্যোক্তা পাওয়া যায়নি। শুধু কাগজকলমেই তারা উদ্যোক্তা হিসেবে রয়েছেন। তবে পুরুষ উদ্যোক্তারা কাজের সুযোগ দিচ্ছেন না বলে দাবি কয়েকজন নারী উদ্যোক্তার।

তাদের দাবি, পুরুষ উদ্যোক্তাদের নানান অসহযোগিতা আর অবহেলায় তারা ডিজিটাল সেন্টারগুলোতে যেতে আগ্রহী নন। ২০১০ সালে ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠার পর থেকে অফিস করছেন না এসব নারী উদ্যোক্তা। এমন চিত্র দেখা গেছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ১৮ ডিজিটাল সেন্টারে।

রামগতি উপজেলার ৮ ইউনিয়ন, ১টি পৌরসভা ও কমলনগর উপজেলার ৯টি ইউনিয়ন মিলে মোট ১৮টি ডিজিটাল সেন্টারে ৩৬ জন উদ্যোক্তা থাকার কথা। সেখানে শুধু পুরুষ উদ্যোক্তারা সেন্টারের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ। 

সরেজমিনে, কমলনগর উপজেলার চরফলকন, চরকালকিনি, চরকাদিরা, তোরাবগঞ্জ, চরমার্টিন, সাহেবেরহাট, হাজিরহাট, পাটারীরহাট, চরলরেন্স ও রামগতির চরবাদাম, চরপোড়াগাছা, চরআব্দুল্লাহ, চরআলেকজান্ডার, চরআলগী, চররমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে নারী উদ্যোক্তাদের দেখা মেলেনি। সেন্টারগুলোতে একজন পুরুষ উদ্যোক্তা সব সুযোগ-সুবিধা ভোগ করলেও উপেক্ষিত নারী উদ্যোক্তারা।

অন্যদিকে নামেই ডিজিটাল হলেও বাস্তবে চলছে আগের নিয়মেই (অ্যানালগ সিস্টেম। সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, প্রশাসনিক, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটগুলোর নতুন কোনো তথ্য হালনাগাদ নেই। নেই স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতেও। উদ্যোক্তারা নিজেদের মনমতো এসব ডিজিটাল সেন্টার পরিচালনা করছেন। নেই কোনো জবাবদিহি। 

উপজেলা ও ইউনিয়ন পরিষদের অধিকাংশ ওয়েবসাইটের সর্বশেষ আপডেট হয়েছে প্রায় দুই বছর আগে। আর এসব সরকারি সাইটগুলোও দুর্বল। বিভিন্ন ইউনিয়নের কয়েকটি ডিজিটাল সেন্টার ঘুরে দেখা যায়, ডিজিটাল সেন্টারগুলো এখন অনেকটা ফটোকপির দোকান হয়ে গেছে। বিভিন্ন কাগজপত্র ফটোকপি ও ছবি প্রিন্ট করার কাজ করছেন তারা। ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট থেকে প্রতি মাসে সব রিপোর্ট আপলোড করার নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু এসব নিয়মের কোনো বালাই নেই উদ্যোক্তাদের। ফলে নিয়মিত তথ্য আপলোড না হওয়ায় ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

অন্যদিকে অনেক অর্থ খরচ করে একেকজন উদ্যোক্তা তৈরি করেছে সরকার। জনগণের দোরগোড়ায় সহজে সেবা নিশ্চিত করে তাদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত একজন করে পুরুষ ও নারী উদ্যোক্তা রাখা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে। 

তোরাবগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা তানিয়া আক্তার ডিজিটাল সেন্টারের কাজ ছেড়ে দিয়ে রেলওয়েতে চাকরি নেন। তার পরিবর্তে শারমিন আক্তার নামে একজন যোগদান করলেও তিনিও আসেন না। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের পুরুষ উদ্যোক্তা ওমর ফারুক সবুজ। 

তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তাকে সরকার নিয়োগ দিয়েছেন। রামগতি-কমলনগরের ১৭ ইউনিয়নে মোট ৩৪ জন। একজন নারীও আপনি পাবেন না। ডিজিটাল সেন্টারের নামে বরাদ্দ এলে সব লুটপাট হয়। অডিট এলে অন্য ইউনিয়ন থেকে জিনিসপত্র এনে দেখাতে হয়।

চররমিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মঞ্জুর হোসেন রাজিব ও অরিন আক্তার। অরিন আক্তারের দাবি তাকে সুযোগ না দেওয়ায় অফিসে যেতে পারছেন না। চরকাদিরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা মারজাহান বলেন, ‘নিয়োগ হয়েছে ২০১০ সালে। কয়েকদিন গেয়েছি। কিন্তু পুরুষ উদ্যোক্তা কোনো পাত্তাই দেয় না। ১৩ বছর ধরে আমি ডিজিটাল সেন্টারে যাইনি।’

জানতে চাইলে কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘কোনো নারী উদ্যোক্তা কাজ করতে আগ্রহী হলে অবশ্যই সুযোগ দেওয়া হবে। সবাই ডিজিটাল সেন্টারের নিয়োগপ্রাপ্ত।’ অন্য অভিযোগগুলো খতিয়ে দেখবেন বলে জানান তিনি। রামগতির ইউএনও এসএম শান্তনু চৌধুরীও বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা