চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৭:২৬ পিএম
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। প্রবা ফটো
বিএনপি ছেড়ে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক ভিপি নাজিম উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছে চাকসুর তৎকালীন নির্বাচিত জিএস আজিম উদ্দিন আহমেদ।
রবিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই দলের আত্মপ্রকাশ হয়েছে।
আগামী এক মাসের মধ্যেই ঢাকায় কনভেনশন অনুষ্ঠিত হবে জানিয়ে সংবাদ সম্মেলনে ভিপি নাজিম উদ্দিন বলেন, ‘ঢাকায় ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী অধ্যাপক আরিফ মঈনুদ্দিনসহ আরও অনেক সাবেক ছাত্রনেতারা থাকবেন। দেশের সংবিধান অনুসারে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিতে এই রাজনৈতিক দল কাজ করবে। নতুন এই দল থেকে সারা দেশে একশত প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। ইতোমধ্যে এসব প্রার্থী তালিকাও করা হয়েছে। একই আসনে এই দলের একাধিক প্রার্থীও থাকবেন।’
তিনি বলেন, ‘১৯৯০ সালে আমি যখন চাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। তখন ছাত্র সমাজের পক্ষ থেকে দশ দফা দাবি দেওয়া হয়েছিল। সেগুলো এখনও পূর্ণতা পায়নি। তাই এই দশ দাবি বাস্তবায়ন করতে এই দল ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ এর সদস্য সচিব আজিম উদ্দিন আহমেদ বলেন, দেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য করছি। জাতি দুভাবে বিভক্ত কেউ পরিস্কার জানে না কি হতে চলছে। নির্বাচন হবে কি-না? বিরোধীদল নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না? দেশের অর্থনীতি সচল থাকবে কি-না? মেগা প্রজেক্টগুলো অব্যাহত থাকবে কি-না? দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হবে কি-না? নানা প্রশ্ন জনগণের মনে উঁকি দিচ্ছে। চরম এক অনিশ্চতায় দেশের জনগণ। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশি নানা গ্রুপ/গোষ্ঠী তৎপর। নানান অ্যাজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর। পশ্চিমা বিশ্ব- আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্রসমূহ আমাদের উপর চাপ তৈরি করছে, যেমন: স্যাংশনের ভয় দেখিয়ে কিংবা ব্যবসা বাণিজ্য স্থবির করে দিয়ে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, সেটা আমাদের দেশের জনগণই ঠিক করতে পারে, বিদেশিরা নয়।
এখন আর রাজনীতিতে ভাললোকের স্থান নেই উল্লেখ করে আজিম উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্র, শ্রমিক, পেশাজীবীদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই আগের মতো। জাতীয় সংসদের ৮০ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা দ্বারা পরিবেষ্টিত। ফলে কার্যত প্রকৃত রাজনীতি নির্বাসনে গেছে। সুযোগসন্ধানিরা ক্ষমতা ও অর্থকে ব্রত হিসেবে নিয়েছে। দৃশ্যত জনতার রাজনীতি প্রকৃত রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে তা পরিষ্কার। ফলে প্রকৃত রাজনীতিবিদদের উপর জনগণের আস্থা ও সম্মানবোধ দিন দিন উঠে যাচ্ছে। আমরা মনে করি, এখনই এই বিষয়ে সতর্ক না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। রাজনীতিতে ভাল লোকজনকে জায়গা করে দেওয়া, সুস্থ রাজনীতির ধারা তৈরি করা সচেতন নাগরিক সমাজের দায়িত্ব ও কর্তব্য।’
তিনি বলেন, জনগণের কল্যাণচিন্তা করা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার প্রতিনিধি দিন দিন কমে যাচ্ছে। রাজনীতিতে নেতাকর্মী সৃষ্টি করার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয় না গত ৩০ থেকে ৩৫ বছর। যদি ছাত্রসংসদগুলোর নির্বাচন নিয়মিত হতো, তাহলে এখন রাজনীতিতে একটি গুণগত মান লক্ষ্য করা যেত। নীতি নৈতিকতা, আদর্শবাদিতা, মূল্যবোধেরও এতো অধঃপতন হতো না। সমমনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সামনে তফসিল ঘোষিত হবে এবং এখন রাজনৈতিক দলের নিবন্ধন বন্ধ। সেক্ষেত্রে হঠাৎ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আজিম উদ্দিন আহমেদ বলেন, ‘যেহেতু এখন রাজনৈতিক দলের নিবন্ধন বন্ধ। তাই আমরা নিবন্ধিত কোনো দল বা মহাজোটের সঙ্গে আলাপ আলোচনা করব। সেক্ষেত্রে নিবন্ধিত কোনো একটি দলের একটি মার্কা নিয়ে আমরা নির্বাচন করব।’
সংবাদ সম্মেলেন আরও উপিস্থত ছিলেন নতুন দলের সদস্য চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির, সাবেক ছাত্রনেতা সোহেল রহমান ও কাজী সিরাজুল ইসলাম বাবুল।
১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে জাতীয় ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। এরপর থেকে এখন পর্যন্ত আর চাকসু নির্বাচন হয়নি। এখনও ভিপি নাজিমের পরিচয় চাকসু ভিপি। ছাত্র রাজনীতি ছাড়ার পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। এরপর নবগঠিত আহ্বায়ক কমিটিতে তার ঠাঁই হয়নি।