বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:০২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:০৭ পিএম
আগুনে পোড়া পাখির খামার। প্রবা ফটো
বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে একটি খামারের ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজার পাখির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে তিন ব্যক্তি আহত হয়েছেন। এতে খামারির ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ ঘটনা ঘটে। চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসী মিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
আহতরা হলেন, মো. শাকিল সুলতান রানু, মো. রাজু ফরাজী ও মো. তানজিল শেখ।
ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা মো. শুভ্র শেখ বলেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেছিলাম। অনেক কষ্টে খামারটিকে বড় করেছিলাম। খামারে ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজারের বেশি পাখি ছিল। ভোর ৪টার দিকে আগুনের তাপ ও পাখির চেচামেচিতে আমাদের ঘুম ভাঙে। ঘরের বাইরে এসে দেখি পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনে খামারের সব পাখি ও নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়লাম বলে কান্নায় ভেঙে পড়েন শুভ্র।
মো. আব্দুল অদুদ বলেন, ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে। এতে অনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।