চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:৪৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ জুয়েল রানা নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দুটি মহল্লায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার জুয়েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও আমির আলীর ছেলে। তার সহযোগী ববিতা গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর-শেরপুর গ্রামের মুকুল রানার স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, পৌর এলাকার বালুবাগান মহল্লায় ববিতার বাসায় অভিযান চালিয়ে অবৈধ হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।