বগুড়া অফিস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:৩০ পিএম
বগুড়ার শাজাহানপুরে খাউড়াদহ খালে দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকাবাইচকে কেন্দ্র করে খাউড়া ব্রিজ ও নদীপাড়ের দুধারে উপজেলাসহ আশপাশের অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলায় পরিণত হয়। আশপাশের গ্রামে বাড়িতে বাড়িতে নাইওরিদের সমাগমে আনন্দ-উৎসবে মেতে ওঠে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে খোট্টাপাড়া জালশুকা খাউড়াদহ খালে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাজাহানপুর উপজেলাসহ পার্শ্ববর্তী গাবতলী ও ধুনট উপজেলার মোট ৮টি বাইচ নৌকা।
প্রতিযোগিতায় গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার কিংরাজ নৌকা প্রথম ও শাজাহানপুরে আমরুল লক্ষ্মীপুরের সততা নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।
উৎসবমুখর এই প্রতিযোগিতার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা আওয়ামী লীগের সদস্য খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুমাইয়া খানম লিজা, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, গাবতলী নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল প্রমুখ।
খাউড়া খাল-নদী নৌকাবাইচ কমিটি চার বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর সহযোগিতায় খাউড়াদহে নৌকাবাইচ আয়োজন করে আসছে।