চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ২১:২১ পিএম
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনকালে অতিথিরা। প্রবা ফটো
খ্যাতিমান সাহিত্যিক ড. পবিত্র সরকার বলেছেন, বই স্বপ্ন দেখার একটি উপকরণ। শিশুরা বই পড়ে স্বপ্ন দেখবে। স্বপ্ন সার্থক করতে প্রবল পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে বই অনেক বড় বন্ধু।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত ছয় দিনব্যাপী বইমেলা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
ড. পবিত্র সরকার বলেন, ’শিশুরা তো শিখছেই। শিশুর হাতে বই উঠলে তারা বিশ্বনাগরিক হবে। পঁচাত্তরের ১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসে কলঙ্কতম অধ্যায়। এটা কাপুরুষতা ও বিশ্বাসঘাতকার ব্যাপার। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। শেখ রাসেলকে স্মরণ করে জীবনমুখী প্রয়াস এই বইমেলা। বাংলাদেশ নারী শিক্ষায় অনেক দূর এগিয়েছে।‘
উৎসবের প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক বলেন, ’’যেকোনো কাজে ভালো করে লেগে থাকলে পুরস্কারও পাওয়া যায়। আমার বাবা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি ছাপিয়ে দিয়েছিলেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধ জেনেও। এর জন্য আমি গর্ব অনুভব করি। বই পড়ার জন্য শিক্ষা দরকার। না পড়লে জ্ঞানের পরিধি বাড়বে না। অনুষ্ঠানে ফুল দিলে আমি বলি বই দিতে। তাহলে বই পড়ার আগ্রহ জন্মাবে।’’
মেলায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ’১৫ আগস্ট অমোচনীয় কলঙ্কের দিন। মানুষ একমাত্র জীব যারা প্রকৃতিকে বদলে দিতে পারে। প্রতিনিয়ত প্রকৃতিকে বদলাচ্ছে। প্রকৃতিকে ভালোবেসে একাত্ম হয়ে বিশ্ব গড়তে হবে। সভ্যতা মানে বই। শিশুসাহিত্য কল্পনার বিস্তার ঘটায়। শিশুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে এ আশা রাখি।’
আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় বইমেলায় আরও বক্তব্য দেন শিশুসাহিত্যিক আনসার উল হক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক কবি রাশেদ রউফ।
অনুষ্ঠানে ‘জোতির্ময় বঙ্গবন্ধু’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।