পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৬:০৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৬:২৭ পিএম
সামিউল ইসলাম সয়নকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশের হাতে গ্রেপ্তার মাসুদ রানা শুভ। প্রবা ফটো
পঞ্চগড়ের আটোয়ারীতে ছয় হাজার টাকা আদায়ের জন্য সামিউল ইসলাম সয়নকে হত্যা করা হয়। হত্যায় জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এমএম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামির নাম- মাসুদ রানা শুভ। তিনি ঠাকুরগাঁও জেলার নিশ্চিতপুর এলাকার বাসিন্দা। আর নিহত সয়ন উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটধাপ এলাকার রবিউল ইসলাম রবির ছেলে।
এসপি এমএম সিরাজুল হুদা বলেন, ছয় হাজার টাকা আদায়ের জন্য গত ৬ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়নকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার উদ্দেশে নিয়ে রওনা হয়। আটোয়ারী উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর রাতে সয়নের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন সয়নের মা হত্যা মামলা করেন।
তিনি আরও বলেন, ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ রানা শুভকে গত মঙ্গলবার রাতে গাজীপুরের আশুলিয়া থানা এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি মুন্নাকে শিগগির গ্রেপ্তার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, বিশেষ গোয়েন্দা শাখার প্রধান মোক্তারুল ইসলাম প্রমুখ।
গত ৬ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়নকে তুলে নিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর মারা যান সয়ন। এ ঘটনায় নিহতের মা সেলিনা আকতার বাদী হয়ে মুন্না ও মাসুদ রানা শুভকে আসামি করে ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন।