জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২০:৩৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ২২:২৭ পিএম
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর। প্রবা ফটো
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার দুই আসামিকে জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১১ অক্টোবর) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- ওমর ফারুক ও আমান উল্লাহ।
নির্মল কান্তি ভদ্র জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি ওমর ফারুক ও আমান উল্লাহ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল। তাদের জামিনের আজ শেষ দিন হওয়ায় তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসে। এ সময় আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতপরিচয়ে আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।