নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৯:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ২০:১৮ পিএম
মাছ লুট করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
নওগাঁর আত্রাই উপজেলায় পাহারাদারদের
হাত-পা বেঁধে ঘের জাল দিয়ে দিঘি থেকে মাছ লুট করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে
গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ অক্টোবর) বিকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ
সম্মেলনে র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি
নিশ্চিত করেছেন।
এর
আগে মঙ্গলবার রাতে উপজেলার পাচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের আবুল কালাম
আজাদের পুকুর থেকে মাছ লুট করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ডাকাত সদস্যরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হিন্দুপাড়া গ্রামের সংঘবদ্ধ ডাকাত
চক্রের নেতা রামকৃষ্ণ দাস, একই উপজেলার মহব্বতপুর গ্রামের নয়ন চন্দ্র দাস, মো. মুকুল
মিয়া, মো. মোজাহার সরদার, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের রিমন চন্দ্র,
বিফল চন্দ্র দাস, কাজল চন্দ্র দাস, প্রণব চন্দ্র দাস, উজ্জ্বল চন্দ্র দাস, নিরেন চন্দ্র
দাস, মিলন চন্দ্র হাওলাদার, শুভ চন্দ্র দাস, একই জেলার পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের
মো. মাসুদ রানা, আমজাদ হোসেন।
লেফটেন্যান্ট
কর্নেল রিয়াজ বলেন, সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামে পাহারাদারদের হাত-পা বেঁধে ঘের জাল
দিয়ে দিঘি থেকে মাছ লুট করার খবর পেয়ে র্যাব-৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
আন্তঃজেলা ডাকাতদলের নেতা রামকৃষ্ণসহ ১৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা
হয়। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ ৩৬৫ কেজি মাছ, একটি পিকআপভ্যান, দুটি মাছ
ধরার জাল, ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
তিনি
আরও বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল রয়েছে। তারা নওগাঁ, জয়পুরহাট, বগুড়া জেলার প্রত্যন্ত
অঞ্চলের পুকুর, দিঘি ও চাষকৃত মাছের জলায় রাতের আঁধারে ঘের জাল দিয়ে মাছ লুট করে। তারপর
ট্রাকে ভরে জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের হিলি ও বগুড়ার মহাস্থনগড় হাটে মাছ বিক্রি
করে আসছিল। ইতোমধ্যেই তারা ১৫ থেকে ২০টি পুকুরে হানা দিয়ে মাছ লুট করে নিয়ে গেছে বলে
স্বীকার করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরতার বলেন, ডাকাত দলের ১৪ জন সদস্যের বিরুদ্ধে থানায়
মামলা হয়েছে। তাদেরকে সন্ধ্যার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।